যুদ্ধবিরতির মেয়াদ ফুরোচ্ছে, আতঙ্কিত সাধারণ ইরানিরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে। গত ৮ এপ্রিল শুরু হওয়া এই যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে আবারও আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ ইরানিরা। এর পাশাপাশি তাদের মধ্যে ক্ষোভও বাড়ছে।
সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক তাওহিদ আসাদি রোববার (১৯ এপ্রিল) তেহরান থেকে জানিয়েছেন, ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান হতে পারে, এমন আশা এখনো কিছু মানুষের মধ্যে রয়েছে, যদিও তা খুবই সীমিত। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির আলোচনা চলাকালে সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছিল। কারণ, সেই চুক্তি হলে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতে পারত, যা তাদের জীবনমান উন্নত করতে সহায়ক হতো। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন।
তবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে অনেকেই হতাশ হয়ে পড়ছেন এবং অনিশ্চয়তায় ভুগছেন।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে: ইরান
তৌহিদ আসাদি জানান, ইরানিরা শুধু সম্ভাব্য যুদ্ধ নয়, হঠাৎ কী ঘটতে পারে সেই আশঙ্কাতেও ভীত। এমনকি যুদ্ধবিরতি চলাকালেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারণ, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার সময়ই দেশটি আকস্মিক হামলার শিকার হয়েছে একাধিকবার। এসব হামলা ছিল অপ্রত্যাশিত ও নজিরবিহীন বিমান হামলা। এগুলো ইরানিদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে এমন পরিস্থিতি আবারও ঘটতে পারে।
তবে এর পাশাপাশি যুদ্ধ শুরুর পর থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধের মানসিকতাও দেখা গেছে। অনেকেই দিন-রাত সরকারের প্রতি সমর্থন জানিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করছেন এবং এখনো তা অব্যাহত রেখেছেন।
