×

সারাদেশ

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

ছবি: নওগাঁয় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় উৎসুক জনতার ভিড়

রাত থেকে সকাল, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের ছয় জেলায় ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার মধ্যে রয়েছে একই পরিবারের চারজন, পাহাড়ে পড়ে থাকা তিন যুবক, মাটি চাপা মা ও নবজাতকসহ আরও কয়েকজন। একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক ও উদ্বেগ।

গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়। প্রতিটি ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর।

নওগাঁয় একই পরিবারের চারজন খুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তাঁর স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে তাঁদের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।’ নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ছবি: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড়ের পাশ থেকে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে একজন তাঁর আত্মীয় বলে জানান। আরও দুজন নিখোঁজ আছে জানিয়ে তিনি বলেন, তাঁদের সন্ধানে খোঁজ চলছে।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাটির নিচে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটি খুঁড়ে অজ্ঞাত এক নারী ও তাঁর নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ওই এলাকায় দুর্গন্ধ পান তাঁরা। পরে ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।

জানতে চাইলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে ওই নারীকে বের করার সময় তাঁর সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তাঁর মৃত্যুর সময় নবজাতকের জন্ম হয়। পরে দুজনকে মাটিচাপা দেওয়া হয়। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

নরসিংদী-মদনগঞ্জ সড়কে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল-মামুন।

নিহত মুজিবুর রহমান (৫৫) মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে এবং মাধবদী পৌর এলাকার কালিবাড়ির দেওয়ান টেক্সটাইল মিলের কেয়ারটেকার ছিলেন।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, নানা কাজ নিয়ে মাধবদী থেকে প্রায়শই নরসিংদী আসতেন তিনি। সোমবার সন্ধ্যায়ও নরসিংদী থেকে কাজ শেষ করে তিনি মাধবদী ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, সঙ্গে থাকা স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি এআরএম আল-মামুন বলেন, মুজিবুর রহমানকে রাত ১০টার দিকে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালে নামিয়ে চালক চলে যায়। তাকে খুঁজে পেলেই প্রকৃত ঘটনা জানানো যাবে।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোমবার রাত আটটার দিকে খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিরালার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম উৎস রায়। তিনি দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে এবং নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই হতাশা থেকেই তিনি গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জাহের আলী আকন্দ সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় জাহের আলী আকন্দ অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। আজ সকালে কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

'গৃহযুদ্ধে' লিপ্ত উগান্ডার শিম্পাঞ্জিরা

'গৃহযুদ্ধে' লিপ্ত উগান্ডার শিম্পাঞ্জিরা

দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে নুসরাত জাহান

দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে নুসরাত জাহান

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

৯ মাসেই প্রায় ১ লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি

৯ মাসেই প্রায় ১ লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App