ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:২০ এএম
ছবি : সংগৃহীত
ইরানের উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) ফ্লোরিডার উদ্দেশ্যে প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ এ ওঠার কিছুক্ষণ পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এই হামলার কথা জানান তিনি। খবর রয়টার্সের।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড এই অভিযান পরিচালনা করেছে। তার দাবি, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম শক্তিশালী বিমান হামলা। এই অভিযানে ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
আরো পড়ুন : যে ৭ কারণে প্রশ্নের মুখে ট্রাম্পের বিজয়
খারগ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। কৌশলগতভাবে দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বড় একটি অংশের জ্বালানি তেল পরিবহন করা হয়।
তবে ট্রাম্প জানিয়েছেন, এখনো খারগ দ্বীপের তেল অবকাঠামোর ওপর হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, যদি ইরান বা অন্য কোনো পক্ষ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করে, তাহলে তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।
একই সঙ্গে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, নিজেদের যা অবশিষ্ট আছে তা রক্ষা করতে চাইলে এখনই অস্ত্র সমর্পণ করা উচিত।
ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে এবং এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
