ইরান যুদ্ধ শেষ কবে, জানালেন ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওয়াশিংটনের হাতেই থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এ সিদ্ধান্তের অংশ হবেন। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ট্রাম্প বলেন, এটা অনেকটা যৌথ সিদ্ধান্ত… আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয় বিবেচনায় নেওয়া হবে।
ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয়, সেটি প্রয়োজন হবে না।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায় এবং ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
আরো পড়ুন : মোজতবা খামেনির নিয়োগে ট্রাম্পের ‘নো-কমেন্টস’
ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ অভিযান চালায়।
এদিকে, হোয়াইট হাউসের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতির ওপর নির্ভর করে যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজনে দীর্ঘ সময় সামরিক অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘ হলে তা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াতে পারে এবং আঞ্চলিক শক্তিগুলোকেও এতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
এদিকে ইরান জানিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে যদি তাদের ওপর হামলা না হয়, তবে তারা ওই দেশগুলোর বিরুদ্ধে হামলা চালাবে না। তবে যুদ্ধ পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় অঞ্চলজুড়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।
