ইরানে হামলা নিয়ে ট্রাম্পের বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম
ছবি : সংগৃহীত
ইরানে সম্ভাব্য সামরিক হামলার বিষয়টি সামনে রেখে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে হামলার পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিরাপত্তা কর্মকর্তারা প্রেসিডেন্টকে জানান, চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই অর্থাৎ রোববারের মধ্যে ইরানে হামলা চালানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজকে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে তিনি দাবি করেন, ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।
আরো পড়ুন : সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ওই কর্মকর্তা আলোচনাকে ‘পরিবর্তনশীল ও চলমান’ বলে অভিহিত করেন। তিনি জানান, হামলা চালানো হলে ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে, তা নিয়ে বিশ্লেষণ করছে হোয়াইট হাউজ। সম্ভাব্য এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেটিও গভীরভাবে বিবেচনায় রাখা হচ্ছে।
একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনা সদস্যকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। হামলার সিদ্ধান্ত কার্যকর হলে সেনাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে আরেকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র সাধারণত কোনো স্থানে সামরিক হামলার আগে নিজস্ব বাহিনী পুনর্বিন্যাস বা সরিয়ে নেয়। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার মানেই যে ইরানে তাৎক্ষণিক হামলা আসন্ন, এমনটি নির্দেশ করে না।
