×

রোগব্যাধি

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ এএম

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

ছবি : সংগৃহীত

দেশব্যাপী হামের প্রাদুর্ভাবে শুক্রবার পর্যন্ত মাত্র ১৯ দিনে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫৭৯২ শিশু। এ সংখ্যা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করেছে। রবিবার (৫ এপ্রিল) থেকে শিশুদের টিকা প্রদান শুরু হবে। এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

শিশু বিশেষজ্ঞদের মতে, জন্মের পর নির্ধারিত সময় অনুযায়ী টিকা না পেলে শিশুরা হামসহ নিউমোনিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। বিগত সরকারের আমলে সময়মতো টিকা প্রদানে ব্যর্থতার জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সন্তানহারা পরিবারের সদস্যরা, যাতে ভবিষ্যতে এ ধরনের অবহেলা আর না ঘটে।

স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টিকাদানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি শিশুকেও এর বাইরে রাখা হবে না। শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরো পড়ুন : চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ বলেন, জন্মের পর শিশুর টিকাদান অত্যন্ত জরুরি। এ জন্যই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চালু করা হয়েছে। সময়মতো টিকা না দিলে শিশুরা গুরুতর রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঝুঁকিতেও পড়ে। তিনি বলেন, টিকা ক্রয়ে অনিয়মে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

শিশু বিশেষজ্ঞ ও শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ মোয়াজ জানান, সাধারণত জন্মের পর বিসিজি টিকা দেওয়া হয়। এরপর নির্ধারিত সময় অনুযায়ী একাধিক ডোজ প্রদান করা হয় এবং ৯ মাস ও ১৫ মাস বয়সে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়। এর পাশাপাশি পোলিও, নিউমোনিয়া, টিটেনাস, হুপিং কাশি, ডিপথেরিয়া ও হেপাটাইটিসের টিকাও দেওয়া হয়ে থাকে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকাসহ ৮ বিভাগে ৯৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত কুমার বিশ্বাস জানিয়েছেন, রাজধানীসহ সারাদেশে হামের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেই সবাই আক্রান্ত নয়, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

সহযোদ্ধা থেকে জীবনসঙ্গী সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App