প্রধানমন্ত্রী
কারাবন্দী সাংবাদিকদের জামিনের বিষয়টি খতিয়ে দেখবে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
কারাবন্দী সাংবাদিকদের জামিন দেওয়া যায় কিনা এবং তারা কেউ বিনা কারণে জেলে আছেন কিনা- সেই বিষয়গুলো সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকে রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন নোয়াব সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
বৈঠক শেষে বের হয়ে নোয়াব সভাপতি বলেন, ‘সাংবাদিকদের হয়রানি যেটা, যারা গ্রেপ্তারকৃত সাংবাদিক যারা, যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব।’
মতিউর রহমান চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমরা (সরকার) দেখব যে আসলে বিনা কারণে সাংবাদিকরা জেলে আছেন কি না এবং তাদের জামিন দেওয়া যায় কি না। এই বিষয়টা তিনি (প্রধানমন্ত্রী) ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোয়াব সভাপতি বলেন, ‘সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে তাকে (প্রধানমন্ত্রী) আমরা বলেছি যে আপনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। সংবাদপত্র হিসেবে আমরা, গণমাধ্যম হিসেবে আমরা এ ব্যাপারে ওনাদের সমর্থন দেব এই উদার গণতন্ত্রের পথে যদি হাঁটেন। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই ‘হোস্টাইল’ (প্রতিদ্বন্দ্বী) করতে চাই না। এটা খুব ভালো কথা, কোনো রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান কখনো এটা বলেন নাই।’
মতিউর রহমান চৌধুরী বলেন, ‘সংবাদপত্র শিল্প এখন নানা চাপের মধ্যে আছে। অর্থনৈতিক চাপ সবথেকে বেশি। সংবাদপত্র শিল্প টিকে থাকবে কি থাকবে না এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি শুনেছেন। আমরা এটাও বলেছি যে আপনি তো এই শিল্পেরই একজন মানুষ। আপনারা জানেন যে তিনি একটা পত্রিকার (দিনকাল) সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং তিনি এটার সুখ-দুঃখ সম্পর্কেও জানেন। তিনি শুনেছেন, তিনি আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন।’
মতিউর রহমান চৌধুরী আরো বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) আমাদের যেসব দাবি-দাওয়া, সবের ব্যাপারে একমত হয়েছেন। সময়ের ব্যাপার, কিছু বিষয় বাস্তবায়ন করতে হয়তো অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে, সেটাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।’
এছাড়াও প্রধানমন্ত্রী প্রতি তিনমাসে একবার নোয়াবের সঙ্গে বসতে রাজি হয়েছেন বলেও উল্লেখ করেন সংগঠনের সভাপতি।
বৈঠকে সভায় নোয়াব সভাপতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ছাড়াও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
