ইরান যুদ্ধ ও পোপের সঙ্গে বিরোধে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং পোপের সঙ্গে প্রকাশ্য বিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। সম্প্রতি রয়টার্স পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই চিত্র। এতে দেখা গেছে, প্রেসিডেন্টের মেজাজ ও সিদ্ধান্ত নেওয়ার মানসিক সক্ষমতা নিয়ে এখন খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই চরম উদ্বেগ তৈরি হয়েছে।
ছয় দিনব্যাপী চালানো এই জনমত জরিপের তথ্য অনুযায়ী, মাত্র ৩৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের বর্তমান কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করেছেন। অথচ ২০২৫ সালের জানুয়ারিতে যখন তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন, তখন তাঁর প্রতি সমর্থন ছিল ৪৭ শতাংশ মানুষের। অর্থাৎ মাত্র কয়েক মাসেই তাঁর জনপ্রিয়তা বড় অংকের ধসের মুখে পড়েছে।
জরিপের অন্যতম প্রধান দিক ছিল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ। দেখা গেছে, ইরানের ওপর মার্কিন হামলার প্রতি জনসমর্থন অত্যন্ত সীমিত। মাত্র ৩৬ শতাংশ উত্তরদাতা এই যুদ্ধের পক্ষে মত দিয়েছেন। এছাড়া প্রেসিডেন্টের আচরণগত বৈশিষ্ট্য নিয়েও প্রশ্ন উঠেছে; মাত্র ২৬ শতাংশ আমেরিকান তাকে একজন ‘সংযত মেজাজের’ মানুষ বলে মনে করেন। এমনকি তাঁর নিজ দল রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এ নিয়ে বড় ধরনের মতভেদ দেখা দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি এবং পোপকে ‘দুর্বল’ বলে আখ্যা দিয়ে দেওয়া ট্রাম্পের বক্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিপরীতে, পোপ লিওর প্রতি ৬০ শতাংশ মার্কিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যা ট্রাম্পের জনপ্রিয়তার তুলনায় অনেক বেশি। জরিপে অংশগ্রহণকারী ৫১ শতাংশ আমেরিকান মনে করেন, গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা ও বিচারবুদ্ধি হ্রাস পেয়েছে।
জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতাও এই জনপ্রিয়তায় ধস নামার অন্যতম কারণ। অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর ভূমিকায় সন্তুষ্ট মাত্র ২৬ শতাংশ নাগরিক। বিশ্লেষকদের মতে, একদিকে ইরানের সাথে যুদ্ধের দামামা, অন্যদিকে প্রভাবশালী ধর্মীয় নেতার সাথে বিরোধ এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার এখন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে।
