ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয়, ৪৪৫ ব্যাংক হিসাব ফ্রিজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয়, অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়া এবং অনলাইনে প্রতারণার অভিযোগে ৬১ জন ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির পক্ষে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এবং সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস, সাইবার পুলিশ সেন্টারের কর্মকর্তা সুমন কুমার সাহা অভিযুক্তদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়, সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারণার শিকার হয়ে পাঁচটি হিসাবে মোট প্রায় ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আরো পড়ুন : তাহমিনা লিমিটেডের এমডিসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সংশ্লিষ্ট অর্থের সঙ্গে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদারসহ মোট ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকগুলোতে পরিচালিত ৫৯৫টি হিসাবে প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং প্রায় ১ হাজার ২০৭ কোটি টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
আবেদনে আরো বলা হয়, লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, এসব হিসাবের সঙ্গে প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি-বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয় এবং শুল্ক ফাঁকির মতো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে।
এসব কারণে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোর অর্থ ফ্রিজ করা জরুরি বলে সিআইডি আদালতের কাছে উল্লেখ করেছে।
