জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমান। ছবি: সংগৃহীত
অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন, এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
আরো পড়ুন : আরও ১২০২টি ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহারের অনুমোদন
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ। পরে ২০১৭ সালে তাকে পুনরায় চার বছরের জন্য একই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।
পরবর্তীতে ২০২১ সালে অধ্যাপক হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন শিক্ষক মশিউর রহমান। তিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
