শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪
শরণখোলা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আপন নানা মামা-মামি ও মামাতো বোন আহত হওয়ার অভিযোগ উঠেছে।
শরণখোলা উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের ৪নং উত্তর খোন্তাকাটা ওয়ার্ডের মৃত. হাজী আরশেদ আকনের ছেলে মো. মোজাম্মেল হক (৮০) বলেন, আমার আপন নাতি মো. মেহেদী হাসান বাচ্চু (৩৮), ওর বাবা আমার আপন জামাই মো. ইব্রাহিম খান (৬৫) ও জামাইয়ের আপন ভাই দেলোয়ার খান (৫৫) মিলে হামলা করে। আমি ও আমার একমাত্র ছেলে সবুর আকন, আমার ছেলের বউ রাহেলা বেগম, নাতি সাদিয়া আক্তারকে আহত করে।
হামলার অভিযোগের বিষয়ে নাতি মো. মেহেদী হাসান বাচ্চু ও তার পিতা জামাই ইব্রাহিম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নানা, মামা-মামি ও মামাতো বোনের উপর আমরা হামলা করিনি। সব মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্র। বরং আমার মামা-মামি ও মামাতো বোন আমাদের উপর হামলা করে। এতে আমার বাবা মারাত্মকভাবে আহত হয়েছেন। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
নাতির হামলায় আহত নানা মো. মোজাম্মেল হক, মামা সবুর আকন, মামি রাহেলা বেগম ও মামাতো বোন সাদিয়া আক্তার শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সবুর আকন বলেন, শরণখোলা থানায় অভিযোগ দায়ের করবো।
হামলার ঘটনায় আহত হওয়ার বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
