অস্ত্রসহ গ্রেপ্তার তিন বনদস্যু, থানায় মামলা
মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগের হাট) থেকে
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাট জেলার শরণখোলা থানায় শরীফ বাহিনীর তিনজন বনদস্যু অস্ত্র, গুলি ও অন্যান্য উপকরণসহ আটক করে মামলা করা হয়েছে।
সুন্দরবন থেকে বনদস্যু শরীফ বাহিনীর চারজন জেলে মো. ইরাক শেখ (৩৫) মোঃ হাসান হাওলাদার (৩০) মো. মাসুম খান (৩০) মো. নাসিম শেখ (২৮) অপহরণ করে খুন জখমের হুমকি দিয়ে বলপূর্বক মুক্তিপণ আদায়ের জন্য পরিবারের কাছে মোবাইলে কল দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) বেইস মোংলা ১৩ মে ২০২৬ তারিখ বুধবার শরণখোলা রেঞ্জাধীন শেলা নদী সংলগ্ন মরা চাঁন মিয়া খালে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বনদস্যু শরীফ বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে বনদস্যু শরীফ বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে পরাজিত হয়। সেখান থেকে বনদস্যু শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা চার জেলে উদ্ধার করে।
বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) বেইস মোংলা বনদস্যু শরীফ বাহিনীর তিনজনকে অস্ত্র গুলি ও অন্যান্য উপকরণসহ আটক করে। আটককৃত বনদস্যুরা হলো বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কুমারিয়াজোলা খাড়ইখালী গ্রামের মো. রহিম শরীফের ছেলে মো. রমজান শরীফ (১৯) মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ফুলহাতা গ্রামের কাজিম হাওলাদারের ছেলে মো. মেহেদী হাসান (২২) ফরিদপুর জেলার ভাঙা থানার আজিম নগরের রশিবপুরা গ্রামের মৃতঃ আ. আলিম মুন্সির ছেলে মো. এনায়েত মুন্সী (২৬)।
বনদস্যু শরীফ বাহিনীর কাছ থেকে একনালা বন্ধুক ৩ টি, শর্ট এক নালা বন্দুক ১ টি, ৪৯ রাউন্ড গুলি (কার্তুজ), দুটি ওয়াকি-টকি ও চার্জার জব্দ করা হয় । বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইস মোংলা মো. আশিকুর রহমান শরণখোলা থানায় মামলা দায়ের করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন, সুন্দরবনের বনদস্যু শরিফ বাহিনীর তিনজনসহ অজ্ঞাত নামা চার থেকে পাঁচ জনের নামে আইন অনুযায়ী মামলা হয়েছে। আটককৃত তিনজন বনদস্যুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
