অভিযানে মিলল ২৬ বস্তা সরকারি চাল, জড়িতদের খুঁজছে প্রশাসন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ গ্রামের ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে জেলেদের বরাদ্দকৃত সরকারি সিলযুক্ত ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া আরও ২৪টি খালি বস্তা জব্দ করা হয়েছে।
অভিযানের সময় ওই বাড়িতে নারী সদস্য ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্য থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কেউ চালগুলো সেখানে মজুদ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
