স্পেনগামী প্রমোদতরীতে হান্টা ভাইরাসের হানা, মৃত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি- সংগৃহীত
স্পেনগামী প্রমোদতরি ‘এমভি হোন্ডিয়াস’-এ প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৬ জন আক্রান্ত হয়েছেন এবং ২ জন অসুস্থ বোধ করছেন বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দ থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হওয়া এই প্রমোদতরিতে ২৩টি দেশের ১৪৭ জন যাত্রী ছিলেন। গত ২ মে জাহাজটিতে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। তবে প্রাদুর্ভাবের আগেই বিভিন্ন বন্দরে ৩৪ জন যাত্রী নেমে গিয়েছিলেন।
অসুস্থদের মধ্যে তিনজনকে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চতুর্থ একজনের পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি। জাহাজে থাকা ১৭ জন মার্কিন নাগরিককে বিশেষ বিমানে করে নেব্রাস্কার ওমাহায় ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি।
