মার্কিন অবরোধ ভেঙে ৩ দিনে হরমুজ প্রণালি পার হলো ইরানের ৫২ জাহাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ উপেক্ষা করে গত তিন দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে ইরানের ৫২টি জাহাজ। গত সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত আগের ৭২ ঘণ্টার স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই দাবি করেছে। এর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার ও ২১টি পণ্যবাহী জাহাজ রয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কোনো বাধা ছাড়াই এসব জাহাজ গন্তব্যে পৌঁছেছে বলে তেহরান জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ২ মার্চ থেকে কৌশলগত এই প্রণালিটি বন্ধ ঘোষণা করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর প্রতিক্রিয়ায় ১৩ এপ্রিল থেকে হরমুজে পাল্টা নৌ অবরোধ দেয় মার্কিন বাহিনী। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবে ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের আলোচনায় কোনো স্থায়ী চুক্তি না হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ এপ্রিল জানান, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো অব্যাহত রয়েছে।
