এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম
ছবি- সংগৃহীত
পারমাণবিক চুক্তি নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে ইরানকে দ্রুত ‘বুদ্ধিমান’ হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’এ দেওয়া এক পোস্টে তিনি তেহরানকে এই হুঁশিয়ারি দেন। তেহরানের সঙ্গে নির্ধারিত আলোচনা ওয়াশিংটন বাতিল করার পর ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি পরমাণুবিরোধী চুক্তি স্বাক্ষর করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত।’ পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের একটি এআই-নির্মিত (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবিও যুক্ত করেছেন। সেখানে তাকে রাইফেল হাতে যুদ্ধংদেহী ভঙ্গিতে দেখা যাচ্ছে, যার ওপর লেখা—‘নো মোর মিস্টার নাইস গাই’ (ভদ্রতা দেখানোর দিন শেষ)।
হোয়াইট হাউস জানিয়েছে, তারা ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে। তবে ট্রাম্প কোনো ‘খারাপ চুক্তিতে’ তাড়াহুড়ো করবেন না এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে যুদ্ধ সমাপ্তি ও হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কঠিন শর্তগুলো পরে বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রব গাইস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন, সরাসরি যুদ্ধের পর্যায় পার হলেও দুই পক্ষ এখন চরম প্রতিযোগিতায় লিপ্ত। উভয় পক্ষই বোঝাতে চাইছে যে সময় তাদের হাতে আছে।
