মোজতবা খামেনির বার্তা পেয়েছেন পুতিন, পাশে থাকার আশ্বাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছ থেকে একটি বিশেষ বার্তা পাওয়ার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান। যুদ্ধের এই কঠিন সময়ে ইরানের সার্বভৌমত্ব রক্ষা ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া তেহরানের পাশে থাকবে বলে পুতিন এই বৈঠকে পুনর্ব্যক্ত করেন।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর সন্ধ্যায় পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন আরাগচি। বৈঠকে পুতিন বলেন, ‘আমি কয়েক দিন আগে সর্বোচ্চ নেতার বার্তা পেয়েছি। আমার অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার কথা দয়া করে পৌঁছে দেবেন।’ তবে মোজতবা খামেনি ঠিক কী বার্তা পাঠিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রুশ প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের অবস্থানের প্রশংসা করে পুতিন বলেন, ‘আমরা দেখছি ইরানের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কতটা সাহসিকতার সঙ্গে লড়াই করছে। এই অঞ্চলে দ্রুত শান্তি ফেরাতে আপনাদের স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছুই করবে।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। ওই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হন। বর্তমানে তিনি অত্যন্ত গোপন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
