প্রতিরক্ষায় এশীয় দেশগুলোর সঙ্গে জোটবদ্ধ হতে চায় ইরান, রয়েছে যারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আধিপত্য ও চাপের মুখে এশীয় দেশগুলোর সঙ্গে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছে ইরান। মঙ্গলবার (২৮ এপ্রিল) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েই নিক এই আগ্রহের কথা জানান। আল-জাজিরা কিরগিজ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে রেজা তালায়েই নিক বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’ বিশেষ করে চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর সমন্বয়ে গঠিত এই সংস্থার মাধ্যমে একটি শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করতে চায় তেহরান।
সম্প্রতি বেলারুশ ও রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন এই ইরানি জেনারেল। ওই বৈঠকে মস্কো ও মিনস্ক তেহরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।
সংস্থাটির বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ, ভারত ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে ইরানের এমন প্রস্তাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা।
