যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ লেবানন সেনাবাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
লেবাননে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি- সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, চুক্তি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লেবানন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি পক্ষের বেশ কিছু হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রাম লক্ষ্য করে বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনারা।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেবানন সেনাবাহিনী নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, যুদ্ধবিরতি চললেও দক্ষিণাঞ্চলের গ্রাম ও শহরগুলোতে এখনই ফিরে যাওয়া নিরাপদ নয়। সেখানে ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িতে ফিরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই ঐতিহাসিক ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইস্টার্ন টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।
ট্রাম্প তার পোস্টে লিখেছিলেন,'আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি। দুই নেতাই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।'
