হামলার পর ইরাকের সব তেল বন্দর বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলার পর দেশের সব জ্বালানি তেল বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ইরাক সরকার। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম চালু রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইরাকিয়া নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বসরা প্রদেশের আল-ফাও বন্দরের কাছে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর আগে বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, বিস্ফোরক বোঝাই বোট ব্যবহার করে ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে হামলা চালানো হয়। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।
ফারহান আল-ফারতুসি বলেন, একটি ট্যাংকারে জ্বালানি পণ্য ভরার সময় সেটি হামলার শিকার হয়। আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল এবং তাতে বিস্ফোরণ ঘটে। তবে এটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের মাধ্যমে ঘটানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়।
আরো পড়ুন: ইরানে সুইজারল্যান্ড দূতাবাস বন্ধ ঘোষণা
তিনি আরো জানান, হামলার সময় ট্যাংকার দুটি ইরাকি উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
উল্লেখ্য, ইরাক বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ এবং বসরা উপকূলের বন্দরগুলো দিয়ে দেশটির অধিকাংশ জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। তাই এসব বন্দরে হামলা বা অস্থিরতা দেখা দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।
