পাল্টা হামলা শুরু ইরানের, ভয়াবহ যুদ্ধের শঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
ফাইল ছবি
ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার সকালে তেহরানসহ একাধিক শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা শুরু করে। এরপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করলো ইরান।
তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান এবং সেগুলো রুখে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী।
আরো পড়ুন: ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা, আকাশসীমা বন্ধ
ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।
এতে বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান।
সূত্র: বিবিসি।
