মার্কিন রাষ্ট্রদূত
ছাড়তে চাইলে আজই ইসরায়েল ছাড়ুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ইসরায়েলে মার্কিন দূতাবাসের কর্মীদের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, তারা যদি ইসরায়েল ছাড়তে চান, তাহলে দেরি না করে ‘আজই’ যাওয়া উচিত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মার্কিন মিশনের কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি এ কথা বলেন। বিষয়টি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইমেইলে তিনি লিখেছেন, ‘কর্মীদের এমন কোনো বিমান পরিবহন সংস্থায় টিকেট বুক করতে হবে যারা ওয়াশিংটনে যাতায়াত অব্যাহত রাখবে। তবে সবার আগে অগ্রাধিকার হবে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করা।’
রয়টার্স লিখেছে, ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে ইসরায়েল থেকে ‘জরুরি নয়’–এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র।’
রাষ্ট্রদূত লিখেছেন, “আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে যারা যেতে চান, তাদের দেরি না করে দ্রুত যাওয়ার পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।”
তেহরানের পারমাণবিক ইস্যু নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সমান্তরালে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করেছে মার্কিন প্রশাসন। উল্লেখ্য যে, বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া সর্বশেষ ধাপের আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।
ইরান ইসরায়েলেও হামলার হুমকি দিয়ে রেখেছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যজুড়ে আবারও আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
