প্রধানমন্ত্রী
কৃষকের হাসিতেই উন্নয়ন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: সংগৃহীত
কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষকের মুখে হাসি না ফুটলে জাতীয় উন্নয়নও পূর্ণতা পাবে না।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর সচিবালয়ে ‘কৃষক কার্ড’ বিষয়ক এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সভায় প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছে কৃষি খাত। তাই কৃষকদের কল্যাণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। ‘কৃষক কার্ড’ চালুর মূল লক্ষ্য হলো প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সার, বীজ, কীটনাশক ও সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া, যাতে তারা মধ্যস্বত্বভোগীদের হয়রানি ছাড়াই সুবিধা পেতে পারেন।
এদিন পবিত্র শবে কদরের ছুটির দিনেও সরকারি কাজে অংশ নেন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত কমিটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানান, ঢাকা মহানগর উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে অবগত থাকতে চান এবং কোথায় কী কাজ প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করছেন।
এছাড়া রাজধানীকে একটি পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ঢাকার দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
