×

সরকার

যে নীতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

যে নীতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করবে সরকার

ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রভাব বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের চাপে ফেলেছে। এর প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতিতেও দৃশ্যমান হতে শুরু করেছে। ইতোমধ্যে দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। সরকারের রাজস্ব ঘাটতিও ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে।

এই পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সতর্ক কৌশল গ্রহণ করেছে। অর্থনৈতিক সংকটের কারণে বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে ধাপে ধাপে অগ্রসর হওয়ার নীতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জাতীয় সংসদের অধিবেশনেও আলোচনায় আসতে পারে। একই সঙ্গে পে কমিশনের সুপারিশ পুনর্বিবেচনার কথাও বলা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর পরেই অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন। ইতোমধ্যে সংসদের কার্যপ্রণালী ও আনুষঙ্গিক প্রস্তুতি গ্রহণের কাজ চলছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু নতুন পে স্কেল বাস্তবায়নের কথা বলেছেন তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে তা একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব না হওয়ায় ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে।

আরো পড়ুন : ‘হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়বে খাদ্যের দাম, বেশি প্রভাব এশিয়ায়’

এদিকে মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান এবং পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী তিনি পিকেএসএফ চেয়ারম্যান হিসেবে সাক্ষাৎ করলেও বৈঠকে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১৮ ফেব্রুয়ারি গণমাধ্যমকে বলেন, পে স্কেলের সুপারিশ আগে বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে। তিনি বলেন, ‘সুপারিশগুলো না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। মোট ব্যয়ের পরিমাণ কত এবং বাস্তবায়নের সুযোগ কতটুকু, এসব বিষয় আমাদের খতিয়ে দেখতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ এবং ট্যাক্স-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তাই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে কখন, কতটুকু এবং কীভাবে পে স্কেল বাস্তবায়ন করা যায়।’

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর ২০২৬–২৭-এ নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব থাকলেও বাস্তবে তা কার্যকর করা কতটা সম্ভব হবে, তা এখনই নিশ্চিত নয়। কারণ সরকারের আর্থিক চাপ বেড়েছে এবং মূল্যস্ফীতির চাপ এখনো পুরোপুরি কমেনি। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা দেশের অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

তবে সরকার চায় না পে স্কেল ইস্যুতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হোক। সে কারণেই প্রস্তাবিত বেতন কাঠামো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগ সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে দেশের অর্থনৈতিক চাপ আরো বাড়তে পারে। যুদ্ধ পরিস্থিতি যত দীর্ঘ হবে, ততই আর্থিক সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এমনিতেই চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি দাঁড়িয়েছে।

এর আগে রাজনৈতিক, আর্থিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে একটি কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে নির্বাচনের আগে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি ড. মুহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে।

পে কমিশন তাদের সুপারিশ জমা দিলেও বর্তমান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব পর্যালোচনা শুরু করেনি। তবে বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে কমিশনের সুপারিশগুলো পুনরায় মূল্যায়ন করা হতে পারে।

দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, কমিশনের দেওয়া প্রতিবেদনটি বাস্তবসম্মত এবং সেটি বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানকে ওই কমিশনের প্রধান করা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি তারা তাদের সুপারিশ সরকারকে জমা দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজের গাড়ি বাসসে ভাড়া দিয়েছিলেন মাহবুব মোর্শেদ

নিজের গাড়ি বাসসে ভাড়া দিয়েছিলেন মাহবুব মোর্শেদ

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App