সমন্বয়কদের ছেড়ে দেয়া নিয়ে যা বললেন আইনমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেয়া প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা (সমন্বয়কেরা) সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিল বলেই তাদের হেফাজতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, সমন্বয়কেরা আমাদের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছিল। সেই ব্যাপারে জিডিও করা আছে। তাই ডিবিতে তাদের হেফাজতে রাখা হয়েছিল। কিন্তু এখন বলছে নিরাপত্তার প্রয়োজন নেই। তারা বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমরা তাদের চলে যাওয়ায় কোনো বাধা দেইনি। ফলে তারা চলে গেছে।
এদিন দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ছয় সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়। এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানিয়েছিলেন, ছেড়ে দেয়ার আগে ছয় সমন্বয়ক গত ৩২ ঘণ্টা ধরে অনশনে ছিলেন।
গণহারে গ্রেপ্তার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে প্রসিকিউশন। বিচার বিভাগ কিন্তু স্বাধীন। আমরা প্রসিকিউশনকে নির্দেশনা দিয়েছি, যারা সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর, এদেরকে যেন প্রসিকিউশন উদ্যোগী হয়ে জামিন দেয়ার ব্যবস্থা করে।
