×

আমদানি-রপ্তানি

মধ্যপ্রাচ্য সংঘাত : ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি সরবরাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

মধ্যপ্রাচ্য সংঘাত : ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি সরবরাহ

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান-ইসরায়েল উত্তেজনা তীব্র আকার ধারণ করায় জ্বালানিনির্ভর বাংলাদেশ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৫–৭০ শতাংশই আমদানিনির্ভর, যার বড় অংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জ্বালানি সরবরাহ, মূল্যস্তর এবং আর্থিক খাতে বড় চাপ তৈরি হতে পারে।

বাংলাদেশে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের প্রধান উৎস মধ্যপ্রাচ্য। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয়। এলপিজির সরবরাহও প্রায় পুরোপুরি মধ্যপ্রাচ্যনির্ভর। এই তিন ধরনের জ্বালানি জলপথে আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়।

খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে বছরে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহৃত হয় তার প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দুই দেশ থেকে। এলএনজির ৫৫ শতাংশ আসে কাতার ও ওমান থেকে। এলপিজির বার্ষিক চাহিদা অন্তত ১৪ লাখ টন, প্রতি মাসে প্রয়োজন হয় ন্যূনতম ১ লাখ ২০ হাজার টন, যার প্রায় সবই আমদানি।

আরো পড়ুন : গ্যাসের দামে স্বস্তি ফেরার বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডসের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে ভিএইচএফ বার্তায় জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রম না করার সতর্কবার্তা দেয়া হয়েছে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এমন নির্দেশ জারি করেনি। উল্লেখ্য, এ প্রণালি উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে।

ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কয়েকটি দেশ আকাশপথ বন্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো পূর্বাভাস দিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ থেকে ১১০ ডলারে পৌঁছাতে পারে।

জ্বালানি বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, সংঘাত অব্যাহত থাকলে তেলের দাম বাড়বে এবং কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হলে দেশে গুরুতর গ্যাস সংকট দেখা দিতে পারে। পেট্রোবাংলা জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সমুদ্রপথ অনিরাপদ হলে কী ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে চাননি কর্মকর্তারা।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, এলএনজি পরিবহনপথ বন্ধ হলে তা বাংলাদেশের জন্য উদ্বেগজনক হবে। কাতার থেকে দীর্ঘমেয়াদি ১৫ বছরের চুক্তিতে বছরে প্রায় ১.৮ থেকে ২.৫ মিলিয়ন টন এলএনজি আমদানি হয়, যার প্রায় ৪০ শতাংশ আসে কাতার থেকে।

অপরদিকে বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, পরিশোধিত জ্বালানি তেলের ক্ষেত্রে জুন পর্যন্ত কোনো সমস্যা নেই। মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে আমদানিতে হরমুজ প্রণালির সম্পৃক্ততা নেই। তবে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড ও আমিরাতের মারবান ক্রুড থেকে বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানির বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এলপিজি বাজারে ইতোমধ্যে জানুয়ারি থেকে সংকট চলছে। শিল্প উদ্যোক্তা ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সরবরাহ ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়বে এবং দাম বাড়তে পারে। সরকারকে বিকল্প উৎস নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রণালয় বৈঠক ডাকেছে। বিকল্প উৎস থেকে আমদানির পরিকল্পনাও বিবেচনায় রয়েছে, যাতে দেশের জ্বালানি সরবরাহে কোনো বড় সংকট তৈরি না হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App