মানুষের এই ভালোবাসায় নিজেই কাঁদছেন নাদের চৌধুরী!
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:২৯ পিএম
নাদের চৌধুরী। ছবি : সংগৃহীত
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সাড়া জাগানো সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ এ ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামির (খাইরুল বাশার)-এর বাবা গুলজার আহমেদ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। সিরিয়ালের প্রতিটি চরিত্রের পাশাপাশি বাবা হিসেবে নাদের চৌধুরীর চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই অভিনেতা আবেগঘন হয়ে বলেন, “ঝড়ের বেগের মতো সাড়া পাচ্ছি আমি, যা আমার কল্পনাতেও ছিল না।”
১৯৮৯ সালে টিভিতে প্রথম নাটকে অভিনয় করেছিলেন নাদের চৌধুরী। এরপর তিনি শত শত নাটক ও সিনেমায় কাজ করেছেন। তিনি বলেন, জীবনের এই পর্যায়ে এসে দেশ-বিদেশের অগণিত দর্শকের কাছ থেকে এত ভালোবাসা পাবেন, এটা তিনি কল্পনাও করেননি।
পরিবার, সুখ-দুঃখ, সম্পর্কের নানা সমীকরণ, প্রেম-বিয়ে ও দুই ভাইয়ের মনোমালিন্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সিরিয়ালটির ৪৯তম এপিসোডে দেখা যায়, বড় ছেলে ফাহাদের প্রতারণায় বাড়ি লিখে নেওয়ার কষ্টে বাবা গুলজার মারা যান।
আরো পড়ুন : সমাপ্তির পথে ‘এটা আমাদেরই গল্প’, শেষ পর্ব কবে?
নাদের চৌধুরী বলেন, “প্রিয়জন চলে যাওয়ার পর মানুষের মনে যে ঝড় ওঠে, ‘এটা আমাদেরই গল্প’ তে আমার চলে যাওয়ার মধ্য দিয়ে সেটাই ফুটে উঠেছে। টানা কয়েক দিন ধরে ফোন ও মেসেঞ্জারে এত মানুষের বার্তা পাচ্ছি, যা আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে।”
মানুষের ভালোবাসায় নিজের চোখে পানি চলে আসে উল্লেখ করে তিনি বলেন, “আমার মৃত্যুদৃশ্য এত মানুষকে কাঁদাবে, এত আলোড়ন সৃষ্টি করবে—তা কল্পনাতেও ছিল না। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তিনি সত্যিই বাংলা নাটকে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।”
তিনি বলেন, ‘এটা আমাদেরই গল্প’ নতুন প্রজন্মকে আবার টিভির সামনে ফিরিয়ে এনেছে। তারা আবার বাংলাদেশের নাটক দেখছে—এটা অনেক বড় অর্জন।
বাংলাদেশের নাটকে নতুন রেকর্ড গড়া এই সিরিজটি দর্শকদের মন জয়ের যাত্রা শেষ করবে ৫২তম পর্বে। চ্যানেল আইয়ে সম্প্রচারের পর আগামী ৮ মে বিকেল ৩টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসবে শেষ পর্ব। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকবে ৯২ মিনিট। সাধারণত প্রতিটি পর্ব ২৫-২৮ মিনিটের হয়ে থাকে।
২০২৫ সালের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে সিরিজটি। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তি পাচ্ছে নতুন পর্ব।
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই সিরিজে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি ও অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে ছিলেন আদিত্য মনির। টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গান লিখেছেন মাহমুদ মানজুর, সুর ও সংগীতায়োজনে ছিলেন আরফিন রুমি।
