অস্কারে সেরা চলচ্চিত্রের লড়াইয়ে ১০ সিনেমা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম
ছবি : সংগৃহীত
আগামী রোববার বসছে হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার বা অ্যাকাডেমি পুরস্কারের ৯৮তম আসর। এবারের আয়োজনে সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ১০টি সিনেমা। বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের চোখ এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটারের দিকে, যেখানে ঘোষণা করা হবে বছরের সেরা সিনেমার নাম।
এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মূল লড়াইটা হতে পারে এই দুই সিনেমার মধ্যেই। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার ও পরিচালক সংঘের পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ স্বীকৃতি জিতে শক্ত অবস্থানে রয়েছে।
অন্যদিকে ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে নির্মিত ‘সিনার্স’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে।
আরো পড়ুন : বিয়ের পর চলচ্চিত্র থেকে বিদায়ের ইঙ্গিত পূজা চেরির
এই দুই সিনেমা ছাড়াও তালিকায় রয়েছে ব্র্যাড পিট অভিনীত বড় বাজেটের ছবি ‘এফ ওয়ান: দ্য মুভি’। ফর্মুলা ওয়ান রেসিং নিয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৬৩০ মিলিয়ন ডলার আয় করে মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে।
এ ছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোই ঝাওয়ের ‘হ্যামনেট’ এবং ইয়র্গোস লান্থিমোস পরিচালিত বিজ্ঞানকল্প থ্রিলার ‘বুগোনিয়া’ সিনেমাও আলোচনায় রয়েছে। ‘বুগোনিয়া’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন।
মনোনয়ন তালিকার বাকি সিনেমাগুলোর মধ্যে রয়েছে গুইলারমো দেল তোরো পরিচালিত পিরিয়ড হরর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং টিমোথি শ্যালামে অভিনীত পিংপং চ্যাম্পিয়নের জীবনভিত্তিক ছবি ‘মার্টি সুপ্রিম’।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগ থেকেও সেরা ছবির দৌড়ে এসেছে দুটি সিনেমা, ব্রাজিলের থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ডেনিশ-নরওয়েজিয়ান নির্মাতা জোয়াকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। তালিকার সবশেষে চমক হিসেবে রয়েছে নেটফ্লিক্সের ছোট বাজেটের ছবি ‘ট্রেন ড্রিমস’।
প্রতি বছরের মতো এবারও হলিউডের সেরা কাজের স্বীকৃতি দিতে বসছে অস্কারের এই জমকালো আসর। রোববার লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। ৯৮তম অস্কারকে ঘিরে এখন বিশ্বজুড়ে সিনেমা অঙ্গনে টানটান উত্তেজনা বিরাজ করছে।
