ক্ষুদ্র আনন্দেই জীবনের আসল সুখ—জয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ এএম
ছবি : সংগৃহীত
জয়া আহসান—রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে যার রয়েছে একান্ত নিজস্ব এক জগৎ। সেখানে তিনি ভীষণ সাধারণ, প্রকৃতির সান্নিধ্যপ্রিয় একজন মানুষ। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি তার ভালোবাসা কখনও আড়াল করেননি। সম্প্রতি নিজের ছোট্ট বাগানের এক ঝলকে সেই নিভৃত অনুরাগই যেন নতুন করে ধরা দিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। যেখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ ঘরোয়া লুকে, নিজের পরম যত্নে গড়া বাগানের পরিচর্যা করতে। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাগান থেকে মুলা তুলছে।
আরো পড়ুন: হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী
আরো পড়ুন: পদ হারাচ্ছেন আইসিটির প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম
ভিডিওর ক্যাপশনে জয়া তার সেই ভালোলাগার কথা জানিয়ে লেখেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে কী যে এক শান্তির অনুভূতি।’
অভিনেত্রীর মতে, ক্ষুদ্র আনন্দেই জীবনের আসল সুখ ও পরম তৃপ্তি আসলে খুব বড় কোনো অর্জনে নয়। বরং ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে আনন্দ। নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো সবজির কদর যে অনেক বেশি, সেটি মনে করিয়ে দিয়ে জয়া লেখেন, ‘ছোট ছোট জিনিসেই বড় আনন্দ, বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মুলা হয়।’
পোস্টটি শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া। পর্দার জৌলুস সরিয়ে মাটির কাছাকাছি থাকা এই সাদামাটা জয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। মূলত কাজের ব্যস্ততার মাঝেও যে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খোঁজা সম্ভব, জয়া যেন সেই বার্তাই পৌঁছে দিলেন সবার কাছে।
