শিক্ষা ক্ষেত্রে অবদানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ–কে স্বাধীনতা পুরস্কার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:২৫ এএম
ছবি : সংগৃহীত
মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ–এ সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাসের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পাচ্ছে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ। মুক্তিযুদ্ধকালে কলেজটির প্রায় অর্ধশত শিক্ষার্থী সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিয়ে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলার পর দেশজুড়ে যখন স্বাধীনতার সংগ্রাম শুরু হয়, তখন ফৌজদারহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থীরাও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তাদের সাহসী লড়াই দেশবাসীকে অনুপ্রাণিত করে। দেশের স্বাধীনতার জন্য এ লড়াইয়ে প্রাণ উৎসর্গ করেন কলেজটির আটজন শিক্ষার্থী।
শহীদ ফৌজিয়ানদের মধ্যে রয়েছেন: মেজর এম. এ. খালেক (১ম ব্যাচ), ক্যাপ্টেন এ. কে. এম. নূরুল আবসার (২য় ব্যাচ), মোশাররফ হোসেন (৩য় ব্যাচ), লে. মোহাম্মদ আনোয়ার হোসেন, বীরউত্তম (৭ম ব্যাচ), মো. বদিউল আলম, বীরবিক্রম (৭ম ব্যাচ), ক্যাপ্টেন সামসুল হুদা (৭ম ব্যাচ), মুফতি মোহাম্মদ কাসেদ (৭ম ব্যাচ) এবং সেকেন্ড লেফটেন্যান্ট রফিক এ. সরকার (১০ম ব্যাচ)। তাদের আত্মত্যাগ জাতি আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ফৌজিয়ানদের মধ্যে লে. মোহাম্মদ আনোয়ার হোসেন (৭ম ব্যাচ) বীর উত্তম খেতাব পান। এছাড়া বীর বিক্রম খেতাব অর্জন করেন মো. বদিউল আলম (৭ম ব্যাচ), লে. জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম (৫ম ব্যাচ), কামরুল হক স্বপন (৭ম ব্যাচ) এবং মেজর জেনারেল ইমাম উজ জামান (১০ম ব্যাচ)।
এছাড়া বীর প্রতীক খেতাব পান কর্নেল আবু তাহের সালাহউদ্দিন (৪র্থ ব্যাচ), মেজর রওশন ইয়াজদানী ভূঁইয়া (৬ষ্ঠ ব্যাচ), মেজর জেনারেল সায়ীদ আহমেদ (৮ম ব্যাচ), মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (৯ম ব্যাচ), লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (১০ম ব্যাচ) এবং ক্যাপ্টেন মো. হুমায়ুন কবির চৌধুরী (১০ম ব্যাচ)।
সব মিলিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ জন শিক্ষার্থী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং আটজন শহীদ
মুক্তিযুদ্ধে তাদের এই ঐতিহাসিক অবদানের স্বীকৃতি হিসেবে এবার রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
