ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তির মধ্যে বরিশাল বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৯৭ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৬৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৪৭০ জন। এদের মধ্যে মারা গেছেন ২১৪ জন।
আরো পড়ুন: এনআইডি দুর্নীতির অভিযোগ পেলেই মামলা
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
