ধান কাটার সময় দেওয়ানগঞ্জে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:১৬ পিএম
আশাদুল হক। ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে তীব্র গরমে মাঠের বোরো ধান কাটার সময় হিটস্ট্রোকে আশাদুল হক (৩৫) নামে এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি তিন সন্তানের জনক।
সোমবার (১ জুন) সকালে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশাদুল হক ওই গ্রামের মহল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আশাদুল হক বাড়ির পাশে নিজের জমিতে বোরো ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড গরমে মাঠের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসেন। পরে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘সকালে আমি খবর পেয়েছি যে পাররাম রামপুর ইউনিয়নে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আশাদুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।’
