×

ঢাকা

টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শটগান ছিনতাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শটগান ছিনতাই

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সময় এক কনস্টেবলের কাছ থেকে সরকারি শটগান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার এবং তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে টহলে ছিলেন। এ সময় তিন ব্যক্তি ছিনতাইয়ের অভিযোগ করলে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর আগে থেকে ওত পেতে থাকা ১৪-১৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায় বলে দাবি পুলিশের।

হামলায় কনস্টেবল ফয়সাল হোসেন গুরুতর আহত হন। তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পেটে আঘাত লাগে। এএসআই সোহেল রানাও হাঁটুর নিচে আঘাত পান। একপর্যায়ে হামলাকারীরা কনস্টেবল ফয়সালের কাছে থাকা সরকারি শটগানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। গুরুতর অবস্থায় ফয়সালকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর অভিযান চালিয়ে শুক্রবার (১ মে) ভোরে ঘটনাস্থলের কাছ থেকে একটি বেলগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, টহলরত পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই করা হয়েছিল। পরে সেটি উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রাগ নেওয়ায় ফুটবলারসহ রাশিয়ার ২৯১ ক্রীড়াবিদ নিষিদ্ধ

ড্রাগ নেওয়ায় ফুটবলারসহ রাশিয়ার ২৯১ ক্রীড়াবিদ নিষিদ্ধ

যুক্তরাজ্যের নতুন ভিসা নীতিতে ঝুঁকিতে বাংলাদেশ-পাকিস্তান

যুক্তরাজ্যের নতুন ভিসা নীতিতে ঝুঁকিতে বাংলাদেশ-পাকিস্তান

টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা নিয়ে রাশেদ খাঁনের পোস্ট

জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা নিয়ে রাশেদ খাঁনের পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App