×

ঢাকা

সিসিটিভি ফুটেজ ভাইরাল

প্রকাশ্যে গুলি করে দুই লাখ টাকা ছিনতাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম

প্রকাশ্যে গুলি করে দুই লাখ টাকা ছিনতাই

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেয়া

ঢাকার আশুলিয়ায় দিনেদুপুরে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে তাদের কাছে কোনো তথ্য নেই। ঘটনার দুই দিন পার হলেও এখনও কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘটনাটি সামনে আসে। 

গুলিবিদ্ধ দুজন হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কড্ডা মোড় কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ও তৈরি পোশাক কারখানার সাব-কন্ট্রাক্টর মো. আল আমিন (৩০) এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নওগাঁ বাজার এলাকার বাসিন্দা ও একটি পোশাক দোকানের কর্মচারী মো. পারভেজ (২২)। তারা দুজনই আশুলিয়ায় বসবাস করেন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আল আমিনের ভাই মুস্তাফিজ জানান, আল আমিন ও পারভেজ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে তারা জামগড়া এলাকার একটি হোটেল থেকে নাশতা সেরে মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার চকবাজারের পথে রওনা হন। তারা জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন হেলমেটধারী ছিনতাইকারী তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। 

ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী সড়কের পাশে এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছে। পরে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি একজনের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার পর ঘটনাস্থলেই প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করে। আতঙ্কিত ওই ব্যবসায়ী দৌড়ে পালাতে থাকলে তাকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী পিস্তল হাতে দাঁড়িয়ে ছিল।

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে এলাকাবাসী ও পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনার পর আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। কে বা কারা গুলি করেছে এবং কারা আহত হয়েছে, তার কোনো খোঁজ মেলেনি বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। 

এ বিষয়ে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে একাধিকবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদারের মুঠোফোনে কল দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করলো ইরান

ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করলো ইরান

দুর্নীতি-লাগামহীন লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে অর্থনীতি: অর্থমন্ত্রী

দুর্নীতি-লাগামহীন লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে অর্থনীতি: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে আরো ১০ বিল পাস

জাতীয় সংসদে আরো ১০ বিল পাস

বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App