র্যাবের অভিযানে ১২ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবর শেখের টেক এবং সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ ও দুটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পাবনা জেলার অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে শ্যুটার আলমগীরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) র্যাব সদর দপ্তর থেকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১২ এর একটি আভিযানিক দল যৌথ অভিযান চালায়। এ সময় মো. রকিব রানা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রসহ আটক ২২
তার কাছ থেকে ৪টি লং রাইফেল, পাঁচটি একনলা বন্দুক, ম্যাগাজিনসহ দুটি ১২ বোর শটগান এবং দুটি খালি ম্যাগাজিনসহ একটি পিস্তলসহ মোট ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে ২৯৮টি রাইফেলের গুলি, ৫০০টি শটগানের কার্তুজ এবং ৯৯টি পিস্তলের কার্তুজসহ মোট ৮৯৭ রাউন্ড গোলাবারুদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পরে রকিব রানার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন শেখের টেক এলাকা থেকে মো. আলমগীর হোসেন ওরফে শ্যুটার আলমগীরকে (৪৫) একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।
রকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা ও চেক জালিয়াতিসহ তিনটি মামলা রয়েছে।
