আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার (২০ মে) মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও এলাকায় কয়েকদিন ধরে মাটি কিনে বিক্রি করছিলেন ওসমান গণি। বুধবার রাত ১২টার দিকে তার মাটি তোলার ভেকু ডেবে গেলে তিনি খবর পান। পরে মোটরসাইকেলে কয়েকজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে গেলে ২০–২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল তাকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা সবাইকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলে। কিছু বুঝে ওঠার আগেই তারা শুধু ওসমান গণির মাথা, গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া জানান, মাটি তোলাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়নের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান গণির প্রতি ক্ষুব্ধ ছিলেন। ব্রাহ্মন্দী ইউনিয়নের লোক হয়ে দুপ্তারা ইউনিয়নে মাটি তুলছেন, এ অভিযোগে ওই নেতা ওসমান গণির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে মঙ্গলবার তাদের মধ্যে বাগবিতণ্ডাও হয়।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, নিহতের মরদেহ মর্গে রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ওসমান গণির হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ভুলতা–বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় এবং কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। ফলে সকাল সাতটা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
