ঢাকায় পৌঁছেছেন পাক কোচরা, কাল আসছেন আফ্রিদি-সামাদরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ নিয়ে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছিলো। এমনকি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতেও সিরিজটি নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এই লড়াই। ইতিবাচক সংকেত হিসেবে ইতিমধ্যেই পাকিস্তান দলের কোচিং স্টাফরা ঢাকায় এসে পৌঁছেছেন।
শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীতে পা রাখেন দলটির কোচিং স্টাফের সদস্যরা। আর খেলোয়াড়রা বাংলাদেশে আসবেন আগামীকাল রোববার।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ মাইক হেসনসহ শক্তিশালী এক সাপোর্ট স্টাফ বহর আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে। লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে অ্যাশলে নোকফি, শেন ম্যাকডরমট, ক্লিফ ডেকন এবং গ্র্যান্ট লুডেন আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে এই সফরের জন্য ঘোষিত পাকিস্তান স্কোয়াডে বড় ধরনের রদবদল এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। চমকপ্রদ বিষয় হলো, দল থেকে বাদ পড়েছেন বাবর আজম ও সাইম আইয়ুবের মতো তারকা ব্যাটাররা। এছাড়া ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ওপেনার ফখর জামান।
শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে আসা এই দলে তারুণ্যের জয়জয়কার। স্কোয়াডে এমন ছয়জন ক্রিকেটার রয়েছেন, যাদের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। অভিজ্ঞদের অনুপস্থিতিতে এই তরুণরাই টাইগারের ডেরায় নিজেদের প্রমাণের সুযোগ পাবেন।
আগামী ১১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
বাংলাদেশ সফরে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।
