সেমিফাইনালে উঠতে জটিল সমীকরণে ভারত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ এএম
ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর সুপার এইট পর্বের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে পরাজিত হয়েছে তারা। গত আসরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা এদিন ছিল দাপুটে ছন্দে, আর ভারত খুঁজে পায়নি নিজেদের স্বাভাবিক গতি।
এই হারের ফলে ভারতের নেট রানরেট নেমে গেছে ৩.৮০০ তে। বিপরীতে দক্ষিণ আফ্রিকার নেট রানরেট বেড়ে হয়েছে ৩.৮০০। উল্লেখ্য, ২০২৪ সালের আসরে ভারতের কাছে মাত্র সাত রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার তারা সেই হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।
সুপার এইটের গ্রুপ ১ এ দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ২, আর ভারত এক ম্যাচ হেরে রয়েছে শূন্য পয়েন্টে। সামনে ভারতের জন্য অপেক্ষা করছে দুটি কঠিন লড়াই। প্রথমে চেন্নাইয়ে সিকান্দার রাজাদের জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। এরপর কলকাতায় খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আরো পড়ুন : ভারতকে গুঁড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা
সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে ভারতের সামনে আর হারার সুযোগ নেই। জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয় মানেই বিদায় প্রায় নিশ্চিত। তাই শুধু জয়ই নয়, বড় ব্যবধানে জয় তুলে নিয়ে নেট রানরেটও বাড়াতে হবে তাদের।
ধরা যাক, ভারত বাকি দুই ম্যাচেই জয় পায় তাহলে তাদের মোট পয়েন্ট দাঁড়াবে ৪। আদর্শ পরিস্থিতি হবে যদি দক্ষিণ আফ্রিকাও তাদের বাকি দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ২ পয়েন্টে থামবে, আর ভারত সেমিফাইনালে উঠতে পারবে।
তবে সমীকরণ জটিল হয়ে উঠবে যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচের একটিতে হেরে যায় এবং সেই দলটি অন্য ম্যাচেও জয় পায়। সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট সমান ৪ হয়ে যেতে পারে। তখন সেমিফাইনালের টিকিট নির্ধারণে বড় ভূমিকা রাখবে নেট রানরেট, যেখানে বর্তমানে পিছিয়ে রয়েছে ভারত।
