ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম
ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজী উপজেলায় ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। দগ্ধ হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত নুর আলম মাসুদ (৪৫) সততা অয়েল মিলসের মালিক।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার একটি স্থানে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা করছিলেন মাসুদ। এ সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। কিন্তু চারদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে যান মাসুদ।
নিহতের পরিবারের দাবি, নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন তিনি। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
