তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জনের আহত হয়েছে জানা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরের চন্ডিবের হাসপাতালের মোড় এলাকায় সংঘর্ষ শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আগের দিন সোমবার রাতে চন্ডিবের হাসপাতালের মোড়ের শাহেদ আলী ও বাচ্চু মিয়ার লোকজনের মধ্যে সামান্য বিষয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়জুল ইসলাম এবং ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ। তাদের নেতৃত্বে ভৈরব থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
ওসি আতাউর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
