শরীয়তপুর
কালভার্টে ট্রাক বিকল, ২১ জেলায় যান বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
শরীয়তপুর সদরে একটি আঞ্চলিক সড়কের ঝুঁকিপূর্ণ কালভার্টের ওপর বালুবোঝাই ট্রাক বিকল হয়ে পড়েছে । এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শরীয়তপুর-চাঁদপুর সড়কের মধ্যপাড়া এলাকায় কালভার্টে বালুবোঝাই ট্রাকটি বিকল হয়ে পড়ে। বিকাল ৫টা পর্যন্ত সড়কটি চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন।
স্থানীয়রা জানান, সকালে কালভার্টের ওপর বালুবোঝাইটি ট্রাক বিকল হলে পরে নির্মাণাধীন বিকল্প পথে ছোট যানবাহন চলাচল শুরু হয়। তবে দুপুর ২টার দিকে সেখানেও আরেকটি ট্রাক বিকল হয়ে গেলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মধ্যপাড়া এলাকার শরীয়তপুর-চাঁদপুর সড়কের দুই প্রান্তে প্রায় ২ শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সিদ্দিক মিয়া বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগ সহজ করতে ২০০১ সালে শরীয়তপুর থেকে আলুর বাজার (ইব্রাহিম পুর) হয়ে চাঁদপুর সড়কটি চালু হয়। সড়কটি ভেঙে সরু ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ২০১৯-২০ অর্থবছরে জেলা শহরের মনোহর বাজার থেকে ভেদরগঞ্জ উপজেলার ইব্রাহীমপুর পর্যন্ত ৩৫ কিলোমিটার পুনর্নির্মাণে ৮৬০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর আওতায় চারটি প্যাকেজে ২০২০ সালে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ছয় কিলোমিটার সড়ক ও পাঁচটি সেতু-কালভার্ট নির্মাণ শেষ হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় বাকি ২৯ কিলোমিটার সড়ক ও ৩৫টি সেতু-কালভার্টের কাজ বন্ধ রয়েছে। এর মধ্যে ২০২২ সালে মধ্যপাড়া এলাকায় কালভার্ট ভেঙে গেলে সেখানে বেইলি সেতু স্থাপন করা হয়। সম্প্রতি সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কালভার্টের পাশ দিয়ে একটি বিকল্প সড়ক নির্মাণ করছে সওজ বিভাগ। তবে সেটির কাজও শেষ হয়নি।
যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা।
শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ‘সড়ক ও সেতু-কালভার্ট সংস্কারের জন্য একাধিকবার দরপত্র আহ্বান করা হলেও জমি অধিগ্রহণ জটিলতায় তিন দফা তা বাতিল করতে হয়েছে। বর্তমানে ব্যয় বৃদ্ধি করে নতুন ডিপিপি প্রস্তুত করা হয়েছে। চলমান প্রকল্পের কারণে কালভার্টটি আলাদাভাবে নির্মাণ করা যাচ্ছে না। আপাতত সমস্যা দেখা দিলে মেরামত করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। বিকল হওয়া ট্রাকগুলো থেকে মালামাল সরিয়ে মেরামতের করে শ্রীঘ্রই চালু করব।’
