সড়কে নির্মাণসামগ্রী রেখে ভোগান্তি, আখাউড়ায় প্রশাসনের অভিযান
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: ভোরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনসাধারণের চলাচলের সড়কের পাশে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণ ঘটানোর দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে আখাউড়া পৌরশহরের বাইপাস সড়ক, কলেজপাড়া, নয়ারপুর ও রাধানগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শামীম, মো. আরিফ ও সিরাজুল ইসলাম। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আখাউড়া থানা-পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জনসাধারণের চলাচলের রাস্তার পাশে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণের পাশাপাশি পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী রাস্তার পাশে নির্মাণসামগ্রী ফেলে পরিবেশ ও বায়ুদূষণ ঘটানোর দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, পৌরসভার বিধান অনুযায়ী জনসাধারণের ব্যবহৃত সড়ক বা পথের ওপর কোনো ব্যক্তি নির্মাণসামগ্রী রাখতে পারেন না। তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
