নিখোঁজ সংবাদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:২১ পিএম
ছবি : সংগৃহীত
নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে মইন উদ্দিন সেলিম (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল সকালে বোনের বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আজ বুধবার (২৭ মে) নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে নগরীর আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে (জিডি নং- ১৪৫৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে আকবর শাহ থানাধীন পশ্চিম ফিরোজ শাহ এলাকায় বোনের বাসা থেকে সকালের নাস্তা সেরে বের হন মইন উদ্দিন সেলিম। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বাসা থেকে বের হওয়ার পর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে আজ সকাল আনুমানিক ৬টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে এক ব্যক্তি ফোনটি রিসিভ করেন।
তিনি জানান, চট্টগ্রাম শহরের সদরঘাট থানাধীন বাংলাবাজার এলাকায় তিনি ফোনটি কুড়িয়ে পেয়েছেন, তবে আশেপাশে এর মালিককে খুঁজে পাননি। এরপর থেকে মইন উদ্দিন সেলিমের আর কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মইন উদ্দিন সেলিম দীর্ঘদিন ধরে বেকারত্বের কারণে মানসিকভাবে বেশ বিধ্বস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক দূরত্বের কারণে তিনি তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে আলাদা থাকছিলেন। তার স্ত্রী বর্তমানে দুই সন্তান নিয়ে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার একটি বাসায় বসবাস করছেন।
নিখোঁজ মইন উদ্দিন সেলিমের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখে হালকা দাড়ি রয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে আকবর শাহ থানা পুলিশ অথবা জিডি দায়েরকারী আবু সালেক রাহাদের সাথে ০১৯৫৮২০০৬৪৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
