×

আন্তর্জাতিক

ভারতে সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:৪১ পিএম

ভারতে সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

ছবি- সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বহু প্রতীক্ষিত ‘অষ্টম পে কমিশন’ (বেতন কাঠামো) ঘোষণার প্রক্রিয়াটি এখন দেশটিতে বড় ধরনের জাতীয় বিতর্কে রূপ নিয়েছে। কর্মচারীদের বেতন ও পেনশন বাড়ানোর দাবির বিপরীতে সরকারের আর্থিক সক্ষমতা ও বাজেটের ওপর চাপ নিয়ে নীতিনির্ধারক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি বিশেষ প্রস্তাব, যা গৃহীত হলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মূল বেতন একলাফে ৪০০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে।

অষ্টম পে কমিশনের চলমান আলোচনায় অন্যতম প্রধান অংশীদার ‘ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন’ একটি নজিরবিহীন প্রস্তাব পেশ করেছে। আগের পে কমিশনগুলোর প্রথা ভেঙে এবার সব স্তরের কর্মচারীদের জন্য অভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের (বেতন নির্ধারণের গুণক ফর্মুলা) পরিবর্তে পে-লেভেল অনুযায়ী আলাদা পাঁচটি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে তারা।

এই প্রস্তাব পাস হলে কর্মকর্তাদের বেতনে বড় ধরনের উল্লম্ফন ঘটবে। যেমন—লেভেল ১৭ বা ১৮-এর একজন শীর্ষ কর্মকর্তার বর্তমান মূল বেতন ২ লাখ ৫০ হাজার রুপি হলে, প্রস্তাবিত ৪ দশমিক ৩৮ গুণক অনুযায়ী তাঁর নতুন সংশোধিত মূল বেতন দাঁড়াবে প্রায় ১০ লাখ ৯৫ হাজার রুপি। একইভাবে মধ্যস্তরের কর্মচারীদের (লেভেল ৬ থেকে ৮) ৪৫ হাজার রুপির মূল বেতন একলাফে বেড়ে ১ লাখ ৫৭ হাজার রুপি হতে পারে।

অ্যাসোসিয়েশনের যুক্তি, বর্তমান কাঠামোতে জুনিয়র ও সিনিয়র কর্মীদের বেতনের ব্যবধান অনেক কমে গেছে। বিশেষ করে রেলের মতো স্পর্শকাতর প্রযুক্তিগত বিভাগে নিরাপত্তার স্বার্থেই এই অসংগতি দূর করা জরুরি। এ ছাড়া কারিগরি কর্মীদের জন্য পৃথক বেতনকাঠামো, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি এবং মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) একীভূত করার দাবিও জানানো হয়েছে।

সাধারণত বর্তমান মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট একটি ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়। সপ্তম পে কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২ দশমিক ৫৭। এবার বিভিন্ন কর্মচারী ইউনিয়ন আরও বেশি দাবি করছে। যেমন—‘ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ’ ৪ দশমিক শূন্য ফিটমেন্ট ফ্যাক্টরসহ ন্যূনতম বেতন ৭২ হাজার রুপি করার দাবি তুলেছে। আবার ‘ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি’ ন্যূনতম মূল বেতন ৬৯ হাজার রুপি করার দাবি জানিয়েছে।

এমন পরিস্থিতিতে বেশ বেকায়দায় পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরাও আড়ালে স্বীকার করছেন যে, সব দাবি হয়তো মানা সম্ভব হবে না। কারণ, সরকারকে একদিকে কর্মীকল্যাণ এবং অন্যদিকে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও ভবিষ্যৎ পেনশন দায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। অতিরিক্ত বেতন বাড়ানো হলে তা গ্র্যাচুইটি, পেনশন ও দীর্ঘমেয়াদি অবসরকালীন আর্থিক দায় বহুগুণ বাড়িয়ে দেবে। এই কারণে ভারতের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত একটি মধ্যপন্থা অবলম্বন করতে পারে বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদ মোবারক বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App