জঙ্গল সলিমপুরে স্বস্তি, স্থায়ী ক্যাম্পের প্রস্তুতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন র্যাব, জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ পরিদর্শন করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এলাকায় গিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তাঁরা সম্ভাব্য স্থায়ী ক্যাম্প স্থাপনের জন্য নির্ধারিত স্থানও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জঙ্গল সলিমপুর ও পাশের আলিপুর এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেওয়া হয়।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়িয়ে একটি স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। নিয়মিত টহল ও অভিযানের ফলে আগের তুলনায় জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়। এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা দেবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সবসময় কাজ করবে।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সদস্য গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় এক সদস্য মারা যান। পরে ৯ মার্চ যৌথ বাহিনীর বড় অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির নেটওয়ার্ক ধ্বংস করা হয়।
