আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ এএম
নিহত পুলিশ কর্মকর্তা রূপণ কান্তি দে। ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে রূপণ কান্তি দে নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রূপণ কান্তি দে হারবাং পুলিশ ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি জুনায়েদকে আটক করে। আটকের পর স্টেশনে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রূপণ দে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় তার নাক-মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। পরে তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই সময়ে এসআই মোফাজ্জল হোসেনও অজ্ঞান হয়ে পড়েন।
আরো পড়ুন : সাবেক এমপি জেনারেল মাসুদ গ্রেপ্তার
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে এবং মোফাজ্জল হোসেন আহত হয়েছেন, এমন তথ্য ছড়িয়ে পড়ে। তবে এ দাবি নাকচ করেছে চকরিয়া থানা ও জেলা পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগেও রূপণ কান্তি দে দুবার স্ট্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরাও ঘটনাস্থলে কোনো হামলার ঘটনা দেখেননি বলে জানিয়েছেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনহাজুল ইসলাম জানান, মৃতদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
