ডাকসু নেতা মুসাদ্দিক
৫০ বছর পরে হলেও দেখে নেবো
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগ থানা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
রোববার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে তিনি বলেন, “সময় যাই লাগুক-আজ হোক বা ৫০ বছর পরে -এই হামলায় জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।”
তিনি অভিযোগ করেন, হামলায় জড়িতদের পাশাপাশি যারা উস্কানি ও পরিকল্পনা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
মুসাদ্দিক বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালালেও তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। “আমাদের থামানো যাবে না। যদি আমাদের মেরেও ফেলা হয়, তবুও আমাদের কথা ভবিষ্যৎ প্রজন্ম বলে যাবে,” -বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন স্থানে রাজনৈতিক হামলার ঘটনায় অনেকেই নীরব থেকেছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর মতো নৈতিক সাহসও দেখাননি বলে মন্তব্য করেন তিনি।
ডাকসু নেতা বলেন, যারা হামলার ঘটনায় জড়িত তারা বিষয়টি নিয়ে উল্লাস করেছে, তবে সেই উল্লাস দীর্ঘস্থায়ী হবে না। “সময়ের পরিক্রমায় বিচার নিশ্চিত করা হবে” -এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পরিবারকে নিয়ে আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্ক্রিনশটকে ভুয়া দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ।
পরে ডাকসুর আরও দুই নেতা -এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ -থানায় গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
