কমেছে স্বর্ণের দাম, ভরি কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্ধারিত এ নতুন দাম কার্যকর হয়েছে। যা আজ মঙ্গলবারও (১৯ মে) একই দামে বিক্রি হবে স্বর্ণ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৩ হাজার ৫৫৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ২ হাজার ২১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
