সিন্ডিকেট সিদ্ধান্তে নির্ভর করছে ববির ১২৪ জনের পদোন্নতি
এম.কে. রানা, বরিশাল
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১২৪ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পদোন্নতি এখন সিন্ডিকেটের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদোন্নতির বিষয়টি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই পদোন্নতি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে চলমান অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালু করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিক্ষকরা এ বিষয়ে শনিবার সভা করে তাদের সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল। তিনি বলেন, তাদের দাবির কিছু বিষয়ে বিভাগীয় কমিশনার একমত হয়েছেন এবং দ্রুত পদোন্নতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পদোন্নতির তালিকায় ৬২ জন শিক্ষক ও ৬২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের জানান, আন্দোলনরত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে আসন্ন সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
উপাচার্য বলেন, ত্রিপক্ষীয় এই বৈঠকে ক্লাস ও পরীক্ষা দ্রুত চালু করার বিষয়ে ঐকমত্য হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের সমস্যাগুলো সমাধানে প্রশাসন আন্তরিক এবং সিন্ডিকেট সভার মাধ্যমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
