শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি : সংগৃহীত
২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) সুরেশ সাল্লেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ জানিয়েছে, ওই হামলায় মোট ২৭৯ জন নিহত হন, যার মধ্যে ৪৫ জন বিদেশি নাগরিক ছিলেন। এতে আহত হন ৫০০ জনের বেশি মানুষ। এই হামলা পর্যটননির্ভর শ্রীলঙ্কার অর্থনীতিতে বড় ধাক্কা দেয়। খবর ওয়াশিংটন পোস্ট, আল-জাজিরার।
বুধবার ভোরে রাজধানী সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ইস্টার সানডে হামলায় ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন : তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
২০১৯ সালে গোতাবায়া রাজাপাকশে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সুরেশ সাল্লেকে স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এসআইএস) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সমন্বিত আত্মঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন।
২০১৯ সালের ইস্টার সানডেতে প্রায় একই সময়ে তিনটি গির্জায় প্রার্থনারত মানুষ এবং তিনটি বিলাসবহুল হোটেলে সকালের নাশতায় থাকা অতিথিদের লক্ষ্য করে ছয়টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলার পরপরই কর্মকর্তারা একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেন। তবে পরবর্তীতে সাল্লের বিরুদ্ধেও হামলা সংগঠনের অভিযোগ ওঠে।
২০২৩ সালে চ্যানেল-৪ এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, সাল্লের সঙ্গে হামলাকারীদের যোগাযোগ ছিল এবং হামলার আগে তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।একজন তথ্যফাঁসকারী ওই প্রতিবেদনে জানান, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের পক্ষে জনমত প্রভাবিত করার উদ্দেশে হামলা চলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
হামলার দুই দিন পরই গোটাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করেন এবং সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়ে নভেম্বরে ভূমিধস জয় পান।
